চাঁদপুরের মতলব দক্ষিণে থানা পুলিশের পৃথক অভিযানে দুই মাদক কারবারিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সোমবার (২৬ অক্টোবর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে গত রোববার (২৫ অক্টোবর) রাতে মতলব দক্ষিণ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিকের নির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চর পয়ালী মিরামা এলাকায় অভিযান চালিয়ে রিপন তালুকদার (৩০) নামে এক যুবককে ইয়াবাসহ গ্রেপ্তার করেন এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বাধীন একটি দল। গ্রেপ্তারকৃত রিপন নারায়নপুর ইউনিয়নের মিরামা তালুকদার বাড়ির সিরাজ তালুকদারের ছেলে।
একই রাতে অপর এক অভিযানে উপজেলার চর পয়ালী ভূঁইয়া বাড়ি এলাকা থেকে গাঁজাসহ মো. মনির পাঠান (৪৫) নামের অপর এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেন এসআই শুভজিত পাল। মনির পাঠান খাদেরগাঁও ইউনিয়নের পুটিয়া গ্রামের মো. সোবহান পাঠানের ছেলে।
এছাড়া ২৬ অক্টোবর পরিচালিত অন্য একটি অভিযানে উপজেলার নায়েরগাঁও এলাকা থেকে এএসআই একেএম মাসুদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল শুভঙ্কর চন্দ্র দাস (৪৬) নামের এক আসামিকে গ্রেপ্তার করে। শুভঙ্কর ওই গ্রামের সুকুমার চন্দ্র দাসের ছেলে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে মতলব দক্ষিণ থানার ওসি মো. হাফিজুর রহমান মানিক বলেন, “অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। এলাকায় অপরাধ দমন ও মাদক নির্মূলে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”